
আল মিজান, নীলফামারী:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নীলফামারী জেলার কৃতি সন্তান মেহেদী হাসান। সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও তরুণ নেতৃত্বকে ত্বরান্বিত করার লক্ষ্যে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
মেহেদী হাসান বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত মেহেদী ছাত্রজীবনের শুরু থেকেই নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। শিক্ষাজীবনে সুনামের পাশাপাশি দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও রাজপথের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, "আমার ওপর আস্থা রেখে সংগঠন যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং দলকে সুসংগঠিত করতে দারুস সালাম থানা ছাত্রদল রাজপথে সর্বদা সক্রিয় থাকবে।"
মেহেদী হাসান দারুস সালাম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় নীলফামারী জেলা এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, তার মতো মেধাবী ও পরিশ্রমী উদীয়মান নেতৃত্ব ভবিষ্যতে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।