মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
কর্মসূচিতে সেবাপ্রত্যাশীদের বক্তব্য শুনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন কমিশনার। এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাদের সমস্যার স্পটেই সমাধান পাওয়ায় সিএমপি কমিশনারের প্রতি ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সিএমপির অন্যান্য কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশী সাধারণ নাগরিকরা এ ‘ওপেন হাউজ ডে’-তে অংশ নেন।