নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে প্রতিদিনই বাড়ছে সহায়তা প্রত্যাশী অসহায় মানুষের ভিড়। অসুস্থতা, দারিদ্র্য ও কর্মহীনতায় বিপর্যস্ত মানুষ শেষ আশ্রয়ের খোঁজে ছুটে আসছেন জেলা প্রশাসকের কার্যালয়ে।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত গণশুনানিতে আসা আবেদনগুলো পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ আবেদনকারীই জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। প্রতিটি আবেদনেই ফুটে উঠেছে বেঁচে থাকার আকুতি।
ক্যানসারে আক্রান্ত লাভলী দাস গুপ্তা দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন। চিকিৎসা বন্ধ হয়ে গেলে জীবন ঝুঁকিতে পড়বে—এমন অবস্থায় তিনি জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তা চান। বিষয়টি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।
একই দিনে গুরুতর অসুস্থ মোহাম্মদ সুমন, প্রবীণ হাছিনা বেগম, অসহায় জামিলা বেগমসহ আরও অনেকেই চিকিৎসা সহায়তার জন্য আবেদন করেন। তাদের আর্থিক দুরবস্থার কথা শুনে কাউকেই নিরাশ করেননি জেলা প্রশাসক।
অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারানো মো. মনজুর আলম জানান, বর্তমানে তার পক্ষে পরিবার চালানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে। অন্যদিকে দীর্ঘদিন চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়া মো. নুরুল ইসলামও জরুরি সহায়তা চান। তাদের দুজনকেই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া বয়সের ভারে ন্যুব্জ এক প্রবীণ নাগরিক ও রাঙামাটির লংগদু উপজেলার বাসিন্দা সামাদ আলীও চিকিৎসা সহায়তার আবেদন করেন। তাদের অবস্থাও বিবেচনায় নিয়ে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসকের এই গণশুনানি কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন এবং তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন। এতে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকর হচ্ছে।