প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ১:০৮ পি.এম
মে মাসে এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম এক হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩ মে) এই নতুন মূল্য ঘোষণা করেছে Bangladesh Energy Regulatory Commission (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১,৯৪০ টাকায় স্থির রয়েছে। এর আগে গত মাসে দুই দফা মূল্য সমন্বয় করা হয়েছিল। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর ১৯ এপ্রিল আবার ২১২ টাকা বাড়িয়ে দাম ১,৯৪০ টাকায় উন্নীত করা হয়েছিল। অন্যদিকে, রোববার (৩ মে) মে মাসের জন্য অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগেও গত মাসে দুই দফায় অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল এক দফায় ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে দাম ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। এরপর ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে প্রতি লিটার দাম ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।
Copyright © 2026 Matribhumi Pratidin. All rights reserved.