
মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বায়েজিদ লিংক রোড সংলগ্ন ৬ নম্বর সেতু এলাকার একটি পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী-২, ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প-১১, সি-৮) বাসিন্দা আবু মুসা প্রকাশ রফিক (২৬), জানে আলম (২৭) এবং মো. ইয়াছের (২৫)।
আকবরশাহ থানা পুলিশ জানায়, ওসি মো. কামরুজ্জামানের নির্দেশনায় এসআই সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল ও এএসআই ওয়ালিউল্লাহর নেতৃত্বে একটি দল বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। সকাল পৌনে ৮টার দিকে লিংক রোডের ৬ নম্বর সেতু এলাকায় তিনজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা মোট ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই পুলিশ পাহারায় তাদের চট্টগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

