
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার এবং নিসচা কতৃপক্ষ।
গত কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস কাঞ্চনের ছবি সম্বলিত একটি শোকবার্তা ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে তিনি আর বেঁচে নেই। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
তবে বিষয়টি পরিষ্কার করে ‘নিরাপদ সড়ক চাই’-এর পক্ষ থেকে জানানো হয়, ইলিয়াস কাঞ্চন জীবিত আছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন এবং বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তাঁর চিকিৎসাসংক্রান্ত প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অসাধু ব্যক্তি বা পেজ ভিউ পাওয়ার আশায় এই ধরনের ভিত্তিহীন খবর প্রচার করছে। ইলিয়াস কাঞ্চনের পরিবার এবং নিসচা নেতৃবৃন্দ এসব অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের গুজব রটানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তাঁরা।
অনলাইনে যেকোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে তথ্য যাচাই-বাছাই করার জন্য নেটিজেনদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

