
নিজস্ব প্রতিবেদক :
দেশের রপ্তানি, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয়ে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী সিআইপি (Commercially Important Person) হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪–২৫ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে নিয়মিত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে ২০২৬ ও ২০২৭—এই দুই বছরের জন্য সিআইপি মর্যাদায় ভূষিত করেছে।
সিআইপি মর্যাদা প্রাপ্তির প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম রাহী বলেন,
“সিআইপি হিসেবে মনোনীত হওয়ায় আমি মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সম্মানজনক স্বীকৃতির জন্য। এই অর্জন আমার একার নয়; বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
তিনি বলেন, এই স্বীকৃতি তাকে দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সততা, পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, এ অর্জন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, যারা নীরবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রেখে চলেছেন। এটি বাংলাদেশের রেমিট্যান্সযোদ্ধাদের সাফল্যের প্রতীক।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মরহুম মোহাম্মদ এনু মিয়া ও মরহুমা আয়শা খাতুনের সন্তান শফিকুল ইসলাম রাহী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমানে অবস্থিত রাহী ওয়ান ট্রাভেলস–এর মাধ্যমে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। নিয়মিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়ে তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন।রাজনৈতিকভাবে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
সিআইপি কার্ডধারী হিসেবে তিনি সচিবালয়ে প্রবেশে বিশেষ সুবিধা ছাড়াও ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার এবং বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেটার অব ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন।
ব্যক্তিজীবনে শফিকুল ইসলাম রাহী এনু মিয়া–আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, শফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হিফজখানা এবং শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি মানবিক সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ দূতাবাস, সংযুক্ত আরব আমিরাতের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্যসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও মানবিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।


