কেরানীগঞ্জে জিহাদ হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

0
2

নিজস্ব প্রতিবেদন :পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া জিহাদ (১১) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
তদন্তে দেখা গেছে, ভুক্তভোগী জিহাদ আসলে জীবিত। ঘটনার বর্ণনা ও অবস্থান সম্পর্কে অসঙ্গতি ছিল। হাজারীবাগে আহত হওয়ার ঘটনা কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এসব তথ্য প্রমাণিত হওয়ায় আদালত সব আসামিকে অব্যাহতির আদেশ দেন।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না বৃহস্পতিবার (১৯ মার্চ) কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক বদিয়ার রহমানের ফাইনাল প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেন। তদন্ত কর্মকর্তা গত বছরের ১১ আগস্ট প্রতিবেদন আদালতে জমা দেন এবং পরবর্তী প্রক্রিয়ায় ৩০ নভেম্বর আদালত সব আসামিকে অব্যাহতি দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীর জবানবন্দি অনুযায়ী, এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত ছিলেন এবং কেবল জখমপ্রাপ্ত ছিলেন। এই অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here