অবৈধ তেল কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন: পতেঙ্গায় অভিযানে ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার

0
2
  1. চট্টগ্রাম প্রতিনিধি:
    চট্টগ্রামের পতেঙ্গা এলাকার কমিশনার ঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশগ্রহণ করেন।
    অভিযান চলাকালে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ৬,০০০ (ছয় হাজার) লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
    উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪–এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল অপসারণ করে তা স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিল।
    জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সকল তেল ডিপো, পেট্রোল পাম্প ও কারবারিদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here