চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৬

0
2

চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রাজু হত্যা ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ঘটনায় বিদেশি পিস্তল, গুলি ও ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ শহীদ মিনার এলাকার বাঁশবাড়িয়া গলিতে সন্ত্রাসীদের গুলিতে মো. হাসান প্রকাশ রাজু (২৪) নিহত হন। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ১২ বছর বয়সী শিশু রেশমি আক্তার। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।

 

ঘটনার পর নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিমের নেতৃত্বে একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

 

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সৈয়দুল করিম (২৭)-কে কক্সবাজার সদর এলাকার সুগন্ধা সমুদ্র সৈকত এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাজুকে গুলি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়। একইসঙ্গে হামলায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় আরও গ্রেফতার করা হয় সিএনজি চালক মো. আব্দুল মান্নান (৩৭), মো. ইউনুচ মিয়া (২৪), মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) এবং আজগর আলী (৩৯)-কে।

 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এদিকে, গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সৈয়দুল করিমের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির মামলা, আবু বক্কর ছিদ্দিক খোকনের বিরুদ্ধে চুরি, হত্যাচেষ্টা ও মারামারির ছয়টি মামলা এবং আজগর আলীর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here