জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ১৯

0
1

জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ১৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

 

পুলিশ জানায়, গত ১৪ মে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে একদল ব্যক্তি সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। এসময় তাদের হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল ছিল বলে দাবি পুলিশের।

 

ঘটনার সময় কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালনকালে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১৫টি ইটের ভাঙা টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়।

 

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও কোতোয়ালী জোনের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা মো. মহিউদ্দিন প্রকাশ মহিউদ্দিন (৩৯), মো. মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২২)সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে দাবি করে পুলিশ। এছাড়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে পূর্বে অস্ত্র, ডাকাতি, চুরি, হত্যা চেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here