হরমুজ প্রণালিকে পাশ কাটিয়ে তেল পরিবহনের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম পাইপলাইনটি মেরামত করেছে সৌদি আরব। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘদিন এটি অচল ছিল।
রোববার (১২ এপ্রিল) দেশটির জ্বালানিমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, যার মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে সৌদি আরব।
হরমুজ প্রণালিতে উত্তেজনা থাকা অবস্থায়ও এই পাইপলাইন ব্যবহার করে তেল সরবরাহ অব্যাহত রেখেছিল সৌদি আরব। তবে পরে ইরানের হামলার ফলে পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, পাইপলাইনটি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হচ্ছিল। এখন এটি পুনরায় সচল হওয়ায় তেল পাম্পের সক্ষমতা বেড়ে প্রায় ৭০ লাখ ব্যারেলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে মানিফা তেলক্ষেত্র থেকে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল তেল উৎপাদনের তথ্য পাওয়া গেছে। তবে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত খুরাইস তেলক্ষেত্র পুরোপুরি পুনরুদ্ধারে এখনও কাজ চলছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে সৌদি আরবের একাধিক জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইরান। যদিও এর জবাবে সরাসরি কোনো পাল্টা হামলা চালায়নি সৌদি আরব। তবে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে উৎসাহিত করেছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনায় অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


