Homeআইন ও আদালতআনোয়ারায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, আহত শিশু হাসপাতালে

আনোয়ারায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, আহত শিশু হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিবারের পাঁচ বছর বয়সী এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৩ জুন) গভীর রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার কিশোরী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুটি তাদের ছেলে পিয়াস বড়ুয়া। পরিবারের কর্তা সুজন বড়ুয়া পেশায় একজন নিরাপত্তাকর্মী এবং ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাতের দিকে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির সামনে এনি বড়ুয়া ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঘরের ভেতরে প্রবেশ করে প্রিয়ন্তী বড়ুয়ার নিথর দেহ দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এনি বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানালে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতের স্বামী সুজন বড়ুয়া জানান, ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরে কর্মরত ছিলেন। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তিনি এক প্রতিবেশীর সঙ্গে পূর্বের আর্থিক লেনদেনের বিষয় উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সম্ভাব্য সংশ্লিষ্টদের খুঁজে বের করতে অভিযানও অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments