
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৭ আগস্টের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের নিবন্ধনসংক্রান্ত সব কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা এক অফিসিয়াল চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এজন্য নির্ধারিত নীতিমালা অনুসরণ করে নিবন্ধন ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্রসহ ফুটবল দলের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
এছাড়া উপজেলা পর্যায়ে বিজয়ী দলের কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের নথি অঞ্চল পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।


