
রেজাউল করিম, চট্টগ্রাম:
স্তন ক্যানসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরে চট্টগ্রামে শুরু হয়েছে ‘পিংক অক্টোবর ২০২৬’-এর মাসব্যাপী কর্মসূচি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
চসিক, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সচেতনতা, নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসার মাধ্যমেই স্তন ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই নারীদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মেয়র আরও বলেন, সামাজিক ও পারিবারিক নানা সংকোচের কারণে অনেক নারী তাদের শারীরিক জটিলতার কথা প্রকাশ করতে দ্বিধাবোধ করেন, যা রোগ শনাক্তকরণে বড় বাধা। যেকোনো অস্বাভাবিকতা বা উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। চট্টগ্রামকে একটি ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ার সিটি’ হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, অক্টোবর মাসের প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিআরটিএর সহযোগিতায় একটি দ্বিতল গোলাপি বাসের মাধ্যমে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হবে। সার্জারি বিশেষজ্ঞদের নেতৃত্বে এই কার্যক্রমে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে সহায়তা দেওয়া হবে।
উদ্বোধনী শোভাযাত্রায় চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, নার্স, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।

