
নিজস্ব প্রতিবেদক:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এই বিশেষ অনুসন্ধান দলটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।
তদন্তের আওতায় আসা অন্য তিন কর্মকর্তা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেট গঠনের মাধ্যমে ব্যাপক অনিয়ম করেছেন। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থপাচার (মানিলন্ডারিং), অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত বেশ কিছু গুরুতর অভিযোগ জমা পড়েছে।
এ ছাড়া ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপ এবং সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বেআইনি সুবিধা আদায়ের মতো বিষয়গুলোও দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই ও অনুসন্ধানের কাজ জোরদার করতে তদন্ত দল কাজ শুরু করেছে বলে জানা গেছে।

