
নুরুল আমিন সোহেল
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফর ও রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আগমন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় সিএমপি কমিশনার নিরাপত্তা দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বের প্রতি আন্তরিক থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, অনুষ্ঠানস্থল, প্রবেশ ও বহির্গমন পথ এবং সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অসতর্কতা না দেখানোর জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ব্রিফিং প্যারেডে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি)।
এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন এবং উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুসসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত সদস্যদের সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সিএমপি সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

