সেনাবাহিনীর যৌথ অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, বিপুল ইয়াবা উদ্ধার

0
1
  • মো আজিজ, চন্দনাইশ প্রতিনিধি :চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে চন্দনাইশ সেনা ক্যাম্পের নেতৃত্বে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরু মার্কেট এলাকায় দুই ধাপে অভিযান পরিচালনা করা হয়।
    সেনা সূত্র জানায়, অভিযানের প্রথম ধাপে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে নুরু মার্কেট এলাকা থেকে সাজেদা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও ১৪ হাজার ৮০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
    পরবর্তীতে দ্বিতীয় ধাপে ভোর ৫টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪০), পিতা—হারি মিয়া এবং মোঃ ওসমান (৩৮), পিতা—মোঃ মকগুল (৬০)–কে আটক করা হয়। এ ধাপে আরও ৩ হাজার ৫০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    উদ্ধারকৃত মোট ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে সেনা সূত্র নিশ্চিত করেছে। আটককৃতদের কাছ থেকে জব্দ করা মাদকদ্রব্য ও নগদ অর্থসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
    সেনা সূত্র আরও জানায়, আটককৃত মোঃ ওসমান একজন রোহিঙ্গা নাগরিক। তিনি এফডিএমএন ক্যাম্প–২-এর ব্লক–বি এলাকায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি এফডিএমএন ক্যাম্প–৬-এর বাসিন্দা মোঃ জাফর (৪৫)-এর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের মাধ্যমে স্থানীয় বাজারে সরবরাহ করতেন।
    অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব (বিএ–১০৯৪২) বলেন, “মাদক নির্মূলে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
    সেনা ক্যাম্প সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here