
নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ এবং ৩০ জন নারী। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৪ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন বরিশাল বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন।

