Blog

  • বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব: ডা. শাহাদাত হোসেন 

    বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব: ডা. শাহাদাত হোসেন

    মোহাম্মদ ইদ্রিস আলী

    চট্টগ্রাম প্রতিনিধিঃ

    চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমার পিতা মরহুম আলহাজ্ব আহমেদুর রহমান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি বাকলিয়া আদর্শ মহিলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে বাকলিয়ায় শিক্ষার আলো ছড়িয়েছেন। এছাড়া তিনি চট্টগ্রাম রেশনিং মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন। তিনি শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শকে ধারণ করে মানবকল্যাণে কাজ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

     

    তিনি শুক্রবার (১২ জুন) বাদে জুমা চকবাজার ধুনিরপুল ফালাহ গাজী জামে মসজিদে তার পিতা বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন।

     

    মৃত্যুবার্ষিকী উপলক্ষে আহমেদুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম আহমেদুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

     

    এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, সমাজ কল্যাণের আকাঙ্ক্ষা থেকে বাবা চাইতেন আমাকে চিকিৎসক হিসেবে গড়তে। বাবার অনুপ্রেরণায় চিকিৎসক হয়ে করোনা মহামারীকালে হাজারো মানুষের জীবন বাঁচাতে কাজ করেছি, গণমানুষের ভাগ্যবদলের রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছি। ইনশাল্লাহ বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব।

     

    তিনি বলেন, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় ইবাদত। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটিই হবে মরহুমের আত্মার জন্য সর্বোত্তম উপহার। আমি সকলের কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

     

    বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, মরহুম আলহাজ্ব আহমেদুর রহমান ছিলেন একজন জনহিতৈষী ব্যক্তি, যিনি নীরবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মকে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

     

    আহমেদুর রহমান স্মৃতি সংসদের সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. বেলাল, এম আই চৌধুরী মামুন, আমিন মাহমুদ, ইউনুছ চৌধুরী হাকিম, জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির এস এম মুফিজ উল্লাহ, এটিএম ফরিদ, ইয়াকুব চৌধুরী নাজিম, মো. সালাউদ্দীন, মসজিদের মোতোয়াল্লি শহিদুল্লাহ শাহজাহান, মহানগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাছিম, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, মো. আলাউদ্দিন, জাবেদুল হক জাবেদ, সাব্বির ইসলাম ফারুক, মোহাম্মদ সেলিম, মহসিন কবির আপেল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন কাদের আসাদ, সামিয়াত আমিন জিসান, যুবদল নেতা সাদ্দামুল হক সাদ্দাম, আলাউদ্দিন আলো, আব্দুল মান্নান, মো. মুরাদ, মোহাম্মদ রাজু, শওকত খান দুলাল, মিজানুর রহমান, মনসুর সওদাগর, নাহিদুল ইসলাম হীরা, মো. মামুন, মো. রহিম মিনু, আজাদুল হক, ইনজামামুল হক, সালাউদ্দিন বাপ্পি, রাজু আহমেদ, রিয়াজ শিকদার, মোহাম্মদ জহির প্রমুখ।

  • চান্দগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

    চান্দগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

    জসীমউদ্দীন , চট্টগ্রাম প্রতিনিধি:
    চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, এক মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।
    র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায় পেপসিকোলার বিপরীতে খাজা মোটর পার্টসের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে।
    চেকপোস্টে একটি মোটরসাইকেল পৌঁছালে র‍্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে রিমন ধর (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার শ্রীকুল এলাকার বাসিন্দা এবং বাদল চন্দ্র ধরের ছেলে।
    পরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো চারটি বান্ডেল থেকে মোট ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
    র‍্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামতসহ তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চমেকে ভুয়া সিকিউরিটি পরিচয়ে প্রতারণা, দালাল আটক

    চমেকে ভুয়া সিকিউরিটি পরিচয়ে প্রতারণা, দালাল আটক

    1. নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
      চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় ভুয়া সিকিউরিটি পরিচয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক দালালকে আটক করা হয়েছে।
      বুধবার (১০ জুন ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটে চমেক হাসপাতালের নতুন ভবনের ৪র্থ তলা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সাদেকুল হোসেন (৩১)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরমছড়া এলাকার আবু তাহের চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি খুলশী থানার ওয়াসা মোড় এলাকার একটি সিকিউরিটি কোম্পানিতে অবস্থান করতেন।
      সংশ্লিষ্ট সূত্র জানায়, সাদেকুল দীর্ঘদিন ধরে ভুয়া সিকিউরিটি পোশাক পরে নিজেকে হাসপাতালের নিরাপত্তাকর্মী পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা চালিয়ে আসছিল। তিনি হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে অবস্থান করে অসহায় রোগীদের দ্রুত রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অগ্রিম টাকা ও ব্লাড ব্যাগের মূল্য গ্রহণ করতেন। পরে রোগীর স্বজনদের লাইনে দাঁড় করিয়ে রেখে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যেতেন।
      এছাড়া ডোপ টেস্ট দ্রুত সম্পন্ন করা এবং একই দিনে রিপোর্ট সরবরাহের প্রলোভন দেখিয়ে রোগীদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম গ্রহণ করতেন। এমনকি রিপোর্ট ‘নেগেটিভ’ করে দেওয়ার আশ্বাস দিয়ে রোগীদের ফাইলও নিজের কাছে নিয়ে নিতেন। পরে রোগীর স্বজনদের নিচে অপেক্ষা করতে বলে ভবনের অন্য সিঁড়ি দিয়ে পালিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।
      ভুক্তভোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে এর আগেও তাকে দুইবার আটক করা হয়েছিল। সর্বশেষ রোগীদের অভিযোগ পাওয়ার পর পুলিশ সদস্য সোহেলসহ সংশ্লিষ্টরা পরিকল্পিতভাবে ফাঁদ পেতে চমেক হাসপাতালের ব্লাড ব্যাংক কাউন্টারের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করেন।
      চমেক হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
  • চট্টগ্রামের চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন। 

    চট্টগ্রামের চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন।

    চট্টগ্রাম প্রতিনিধিঃ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ‘চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব (সিবিডিসি)’ এর কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খলভাবে পরিচালনা, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

    সম্প্রতি সংগঠনের সাধারণ সদস্য ও মডারেটরদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

    নতুন কমিটিতে সভাপতি পদে এ এম রিয়াজ কামাল হিরণ এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফারুক মনোনীত হয়েছেন।

    ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন; সহ-সভাপতি দেব প্রিয় বড়ুয়া, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সুহিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রাকিব, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন সাঈদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, রক্ত ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাশেদ খোকন রুবেল।

    এছাড়াও কমিটিতে রয়েছেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু উবায়দুল্লাহ মোঃ সাকিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোবিন, আইটি বিষয়ক সম্পাদক মুহিবুল হাসান রাফি, সহ-আইটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আমির খান রানা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশীদ এবং কার্যকরী সদস্য মোহাম্মদ মোজাম্মেল।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব অতীতের ন্যায় আগামীতেও মুমূর্ষু রোগীদের রক্তদান নিশ্চিতকরণসহ চট্টগ্রামের যেকোনো মানবিক ও সামাজিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

  • পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান

    পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান

    চট্টগ্রাম প্রতিনিধি
    বাংলাদেশ পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, কর্মোদ্যম ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    এরই ধারাবাহিকতায় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    উক্ত প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য ও ক্রীড়া দক্ষতার পরিচয় দিয়ে কৃতিত্ব অর্জন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এসএএফ শাখায় কর্মরত কনস্টেবল/৫৫৫৫ মোঃ ইয়ামিন। তিনি ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে ১ম স্থান অর্জন করেন।
    এই গৌরবময় সাফল্যের জন্য বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব মো. আলী হোসেন ফকির গত ০৯ মে ২০২৬ তারিখে তাঁকে পুরস্কৃত করেন। তাঁর এই অর্জন বাংলাদেশ পুলিশ তথা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জন্য গৌরব বয়ে এনেছে।
    পরবর্তীতে অদ্য ০৮ জুন ২০২৬ তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর জুন/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয় তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করেন এবং ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে এ ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।

  • বন্দর থানার অভিযানে ১৫ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেফতার ১

    বন্দর থানার অভিযানে ১৫ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চোরাইকৃত ৬ কার্টন মোবাইল এলসিডি ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিমের নেতৃত্বে এসআই (নিঃ) মনিরুল ইসলাম ৭ জুন লোহাগাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তদন্তে প্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোবাইল এলসিডি ডিসপ্লের মধ্যে ৬ কার্টন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

    পুলিশ সূত্রে জানা গেছে, বাদীর এজাহার অনুযায়ী চুরি যাওয়া ১০ কার্টন মোবাইল এলসিডি ডিসপ্লের মোট মূল্য প্রায় ৩২ লাখ টাকা। এ ঘটনায় বন্দর থানায় মামলা নং-০৯, তারিখ ৪ জুন ২০২৬, ধারা ৪০৭/৪২০/১০৯, দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

  • দায়িত্ব পালনকালে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

    দায়িত্ব পালনকালে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

    রাঙামাটি প্রতিনিধি:

     

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

     

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে অংশ নিয়ে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা ও অবশভাব দেখা দেয়।

     

    ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানাস্থ বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকরা তাঁর মধ্যে “লেফট-সাইডেড হেমিপ্যারেসিস”-এর উপসর্গ শনাক্ত করলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

    দুর্গম পার্বত্য এলাকায় অবস্থানরত সদস্যের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবি তাৎক্ষণিকভাবে এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা গ্রহণ করে। পরে বিজিবির একটি হেলিকপ্টার দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি এলাকা থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে।

     

    বর্তমানে হাবিলদার এলাহান মিয়া চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

     

    বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্য বাহিনীর জন্য অমূল্য সম্পদ। তাই দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তাঁর জীবনরক্ষা এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবি সবসময় মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

  • সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে: ডিসি জাহিদ

    সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে: ডিসি জাহিদ

    নিজস্ব প্রতিবেদকঃ

    সামনে যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, পৃথিবীর যেসব মানুষ নিজেদের মেধা ও কর্মে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাদের অধিকাংশই প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই উঠে এসেছেন।

    মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ (জেলা পর্যায়)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১১টি স্কুল দল অংশগ্রহণ করছে।

    তরুণ খেলোয়াড়দের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “তোমাদের অনেকেরই মনে হতে পারে সুযোগ-সুবিধার অভাব রয়েছে বা নানা সীমাবদ্ধতা আছে। কিন্তু যারা পৃথিবীতে সফল হয়েছেন, তারা সংগ্রাম, ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাই বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে।”

    তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, আত্মনিবেদন এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানসিকতা।

    জাহিদুল ইসলাম বলেন, “যেভাবে প্রযুক্তির নতুন নতুন সংস্করণ আসে, সেভাবেই আমাদেরও প্রতিদিন নিজেদের আরও উন্নত সংস্করণ তৈরি করতে হবে। একজন ব্যাটসম্যানকে আগামীকাল আজকের চেয়ে ভালো খেলতে হবে, একজন বোলারকে নতুন নতুন বৈচিত্র্য আনতে হবে। শেখার কোনো শেষ নেই।”

    তরুণদের দেশের প্রকৃত সম্পদ উল্লেখ করে তিনি বলেন, “প্রত্যেকের একটি লক্ষ্য ও স্বপ্ন থাকা প্রয়োজন। এমন স্বপ্ন, যা নিজের পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া যায়। আমরা চাই আগামী দিনে তোমরাই দেশের প্রকৃত সম্পদ হিসেবে গড়ে ওঠো।”

    মাদকাসক্তি ও অনলাইন গেমের নেতিবাচক প্রভাব থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার নতুন প্রজন্মকে সুস্থ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে।

    খেলাধুলার সবচেয়ে বড় শিক্ষা হিসেবে দলগত চেতনার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “একা কোনো বড় কাজ করা যায় না। খেলাধুলা আমাদের একসঙ্গে কাজ করতে শেখায়, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। দেশ গঠনের ক্ষেত্রেও এই চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

  • শহীদ আবদুস সবুর খানের ৭৫তম জন্মবার্ষিকী পালিত

    শহীদ আবদুস সবুর খানের ৭৫তম জন্মবার্ষিকী পালিত

    চন্দনাইশ প্রতিনিধি:

    মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাকিস্তান বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধকালীন গ্রুপ নং ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬-এর যৌথ ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খানের ৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।

     

    সোমবার (২ জুন) সকাল ১১টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন।

     

    অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ আবদুস সবুর খানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খান, ক্রীড়াবিষয়ক সম্পাদক রাইহান খান, সদস্য আকিব হোসেন খান, মো. ত্বোহা, আজীম, সাইয়েদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     

    অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরব্বি বেলায়েত খান উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী এবং কিয়াম পরিচালনা করেন মাওলানা এমদাদ হোসেন।

     

    এ সময় বক্তারা শহীদ আবদুস সবুর খানের বীরত্বগাঁথা, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অসামান্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য দেশপ্রেম ও আত্মত্যাগের এক উজ্জ্বল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

     

    পরে দেশ, জাতি এবং শহীদ আবদুস সবুর খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন:

    পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

    ইমরান হোসেন মুন্না পটিয়া প্রতিনিধি :

    সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

     

    সোমবার (১ জুন) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের স্বার্থরক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

     

    নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেন সভাপতি এবং দৈনিক আমার দেশের পটিয়া প্রতিনিধি রবিউল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

     

    এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক),

    সহ-সভাপতি আবেদুজ্জামান আমেরী (দৈনিক যুগান্তর),

    যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ),

    প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব (বিজয় টিভি), দপ্তর সম্পাদক মোরশেদ আলম (নাগরিক টিভি),

    ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম (এশিয়ান টিভি),

    আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (দেশ টিভি)।

     

    কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার শফিউল আলম, গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ), আ ন ম সেলিম (দেশ রূপান্তর), ওসমান গনি (বৈশাখী টেলিভিশন), গিয়াস উদ্দিন (সাঙ্গু)।

     

    সভায় নবনির্বাচিত সভাপতি নুর হোসেন বলেন, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

     

    সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, পটিয়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে তোলার চেষ্টা থাকবে।

     

    সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পটিয়ার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। জরুরি সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পটিয়া প্রেস ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।