টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় “বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আরএসএম সোহেল সিকদার ও টিএসও সাইফুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ।
বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কৃষি জমির উর্বরতা নষ্ট করছে এবং মানবদেহে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই।
তারা আরও জানান, বায়োপেস্টিসাইড পরিবেশবান্ধব হওয়ায় এটি ফসলের ক্ষতিকর পোকা দমন করলেও মানুষ, প্রাণী ও উপকারী পোকামাকড়ের জন্য তুলনামূলক নিরাপদ। পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, প্রয়োগ পদ্ধতি ও এর উপকারিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও মাঠ পর্যায়ে নিরাপদ কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।