Blog

  • সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে: এনসিপি নেতা আখতার

    সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে: এনসিপি নেতা আখতার

    পুরোনো ব্যবস্থা বদলাতে সংবিধান সংস্কারে জোর দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তা না হলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে বলে মন্তব্য করেছেন তিনি।

    জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদের মধ্যে আজ রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন আখতার হোসেন। এনসিপি–সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ) আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শিরোনামের এই সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

    আখতার হোসেন বলেন, সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হলে, সংস্কার না হওয়ার কারণে সরকারের ‘এক্সিট পয়েন্ট’ কী হবে, আর সামনে নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে বা সরকারের ভেতরে কোনো শক্তি করার চেষ্টা না করেন।

    পুরোনো ব্যবস্থার সবকিছু পরিবর্তন করা না গেলেও যতটুকু অর্জন করা গেছে জুলাই সনদের মধ্য দিয়ে, ততটুকুও যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে এত মানুষের জীবন দেওয়া, দীর্ঘদিনের প্রত্যাশার জায়গায় ‘গুড়ে বালি’ পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

    পুরোনো সংবিধানের ফাঁদে পড়ে সব আশা–আকাঙ্ক্ষাকে, পরিবর্তনের লক্ষ্যকে জলাঞ্জলি দেওয়া হবে কি না, সেই প্রশ্ন তুলে আখতার হোসেন বলেন, ‘এই সংবিধানের ততটুকুই কার্যকর আছে, যতটুকু বিপ্লব–পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতার জন্য প্রয়োজন। এর অতিরিক্ত কোনো কিছু এই সংবিধানে আর কার্যকর নেই।’

  • মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বহালের দাবিতে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ

    মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বহালের দাবিতে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ

    মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে জড়ো হন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও প্রার্থীর অনুসারীরা। পরে বিক্ষোভ মিছিলটি এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেন ধরে নাওডোবা পর্যন্ত গিয়ে শেষ হয়।

    প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনের চালকেরা। মিছিল শেষে নাওডোবা গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় বিএনপি নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা, সদস্য মাহাবুবুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান, পৌর যুবদলের সদস্যসচিব আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মৃধা, শিবচর পৌরসভা ছাত্রদলের সভাপতি শিহাব মিয়া প্রমুখ।

    উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা বলেন, ‘শিবচরে বিএনপির নেতা–কর্মী ও জনগণ ঐক্যবদ্ধভাবে কামাল জামানকে এমপি (সংসদ সদস্য) হিসেবে দেখতে চায়। তাঁর স্থগিত করা মনোনয়ন পুনর্বহাল করতে হবে। তাঁর মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ হিসেবে আমরা আজ এক্সপ্রেসওয়েতে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছি। কামাল জামানকে তাঁর মনোনয়ন ফিরিয়ে দেওয়া না হলে আগামীতে পদ্মা সেতু ব্লকেডসহ কঠোর আন্দোলন করা হবে।’

  • সিলেট সিটি নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কার হওয়া ৪০ নেতাকে ফিরিয়ে আনল বিএনপি

    সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের ৪০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দুই বছর পর বিএনপি এসব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে এনেছে বলে একটি সূত্র জানিয়েছে।

    রোববার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বিবৃতিতে বলা হয়, বিগত সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করায় সংশ্লিষ্ট নেতাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাঁরা দলের কাছে লিখিত আবেদন করলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

    ২০২৩ সালের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ওই নির্বাচন বর্জন করেছিল। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তখন মহানগরের ৪০ নেতাকে দলটি বহিষ্কার করেছিল।

    বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন (কামু); ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ; ৩ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান (মিঠু); ৫ নম্বর ওয়ার্ডের মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ; ৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরী (শামীম); ১০ নম্বর ওয়ার্ডে মো. সাঈদুর রহমান (জুবের); ১১ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম (মতছির); ১৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম (মুনিম); ১৫ নম্বর ওয়ার্ডের মো. মুজিবুর রহমান; ১৮ নম্বর ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী; ২২ নম্বর ওয়ার্ডে বদরুল আজাদ (রানা); ২৩ নম্বর ওয়ার্ডের মামুনুর রহমান (মামুন); ২৪ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির (সুহিন); ২৫ নম্বর ওয়ার্ডে রুকশানা বেগম শাহনাজ; ২৬ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ (রনি); ২৮ নম্বর ওয়ার্ডের আলী আব্বাস; ২৯ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান (স্বপন); ৩০ নম্বর ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া; ৩১ নম্বর ওয়ার্ডের মো. আবদুল মুকিত; ৩২ নম্বর ওয়ার্ডের হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ; ৩৩ নম্বর ওয়ার্ডের গউছ উদ্দিন (পাখী) ও দেলওয়ার হোসেন (নাদিম); ৩৭ নম্বর ওয়ার্ডে দিলওয়ার হোসেন (জয়); ৩৮ নম্বর ওয়ার্ডে উসমান হারুন (পনির); ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন (সুমন); ৪০ নম্বর ওয়ার্ডে আবদুল হাছিব এবং ৪২ নম্বর ওয়ার্ডে সুমন আহমদ সিকদার।

    এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতাকারী ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সালেহা কবির (শেলী); ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে রুহেনা বেগম (মুক্তা) ও জহুরা জেসমিন এবং ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে কামরুন নাহারের (পিন্নি) বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

    বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বহিষ্কারাদেশ মাথায় নিয়েও তাঁরা দলকে এগিয়ে নিতে কর্মকাণ্ড চালিয়েছেন। এ ছাড়া তাঁরা অনুতপ্ত হয়ে দলীয় ফোরামে আবেদনও করেছেন। সবকিছু বিবেচনায় নিয়ে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

  • ওজন নিয়ে প্রশ্ন, রেগে গেলেন নায়িকা

    তামিল অভিনেত্রী গৌরি কিশান সম্প্রতি গিয়েছিলেন চেন্নাইয়ে তাঁর নতুন ছবি ‘আদার্স’–এর প্রচারে। সেখানেই এক সাংবাদিকের প্রশ্ন শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
    ওই প্রচার অনুষ্ঠানে এক সাংবাদিক গৌরি কিশানের সহ–অভিনেতা আদিত্য মাধবনকে জিজ্ঞাসা করেছিলেন গৌরির ওজন সম্পর্কে।

  • ৩০ কোটি রুপি বাজেটে ৩০০ কোটি আয়, কী চমক আছে এই ছবিতে

    চন্দ্রা কোনো সাধারণ নারী নন—এই ধারণাই যেন চলচ্চিত্রের শুরু থেকেই পরিষ্কার করে দেন পরিচালক। শহরের অন্ধকার এক গলিতে, যেখানে সাধারণত পেশিবহুল পুরুষদের আধিপত্য, সেখানে একা দাঁড়িয়ে চন্দ্রা। পার্কিং লটে দুর্ধর্ষ মারপিটে তিনি যেভাবে প্রতিপক্ষকে ধরাশায়ী করেন, সেটি শুধু দৃশ্যত নয়; ভাবনাতেও নতুন। আশপাশের পুরুষেরা—কেউ প্রতিবেশী, কেউ পথচারী—বিস্ময়ে শুধু বলতে পারে, ‘এই মেয়ে আলাদা।’

    একনজরে
    সিনেমা: ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’
    ধরন: সুপারহিরো, অ্যাকশন
    পরিচালক: ডোমিনিক অরুণ
    অভিনয়ে: কল্যাণী প্রিয়দর্শন, স্যান্ডি, নাসলেন
    স্ট্রিমিং: জিও হটস্টার
    দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৩০ মিনিট

    বলছিলাম ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’র কথা। ২০২১ সালে ‘মিননাল মুরালি’ দিয়ে চমকে দিয়েছিলেন বাসিল জোসেফ। তবে সেই সুপারহিরো সিনেমার কেন্দ্রে ছিলেন পুরুষ চরিত্র (টোভিনো থমাস)। তবে এবার নারীকেন্দ্রিক সুপারহিরো সিনেমা বানিয়ে সব অর্থেই চমকে দিয়েছেন ডোমিনিক অরুণ। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমা আয় করেছে ৩০০ কোটি রুপির বেশি! এটিই এখন সবচেয়ে বেশি আয় করা মালয়ালম সিনেমা। চলতি বছরের ব্যাপক আলোচিত সিনেমাটি এসেছে ওটিটিতে। বাংলাদেশের দর্শকেরাও কথা বলছেন দক্ষিণি সিনেমাটি নিয়ে।

    সিনেমায় কাল্যাণী প্রিয়দর্শনের অভিনয় করেছেন চন্দ্রা চরিত্রে; যিনি একই সঙ্গে দেবী, আবার ধ্বংসের দূতও। কেউ তাঁকে পূজা করে, কেউ তাঁকে ভয় পায়। শহরের এক নোংরা অ্যাপার্টমেন্টে সদ্য উঠে আসা এই মালয়ালি নারীকে যতই সাধারণ ভেবে নেওয়া হোক, গল্প যত এগোয়, ততই স্পষ্ট হয়—চন্দ্রা এক রহস্যময় শক্তির ধারক।
    অনেক সময় দেখা যায়, ‘সিনেম্যাটিক ইউনিভার্স’ তৈরি করতে গিয়ে ছবিগুলো কৃত্রিম লাগে। কিন্তু ‘লোকাহ’-এর জগৎ একেবারেই তা নয়। এটি কেবল সুপারহিরো সিনেমা নয়, বরং এক সমৃদ্ধ ইউনিভার্স তৈরির নমুনা। ছবিজুড়ে ‘লাল’ রং যেন চন্দ্রার স্বাক্ষর বয়ে বেড়ায়। কখনো তাঁর চুলে একটুকরো দাগ, কখনো জ্যাকেটের গাঢ় মেরুন, আবার কখনো অ্যাকশনের দৃশ্যে নিওন লাল ধোঁয়ার বিস্ফোরণ। এই রং শুধুই সাজসজ্জা নয়, বরং চন্দ্রার আত্মপরিচয়ের প্রতীক।

  • অমিতাভ বললেন, ‘বাংলা বুঝি পুরোটা’

    অমিতাভ বললেন, ‘বাংলা বুঝি পুরোটা’

    মুম্বাইয়ের এক বিজ্ঞাপনচিত্রের সেটে হঠাৎ দেখা হয়ে গেল ঢাকাই সিনেমার নির্মাতার সঙ্গে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের। সেই সেটেই কাজ করছিলেন ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার সিনেমাটোগ্রাফার অমিত রায়। তাঁর আমন্ত্রণেই মুম্বাই সফররত পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা পৌঁছে যান অমিতাভের শুটিং লোকেশনে। আর সেখানে ঘটে চমকপ্রদ মুহূর্ত—বাংলাদেশের সিনেমা নিয়েও আগ্রহ দেখান বলিউড শাহেনশাহ, জানান শুভকামনাও।
    ‘এটা সত্যিই এক প্রাইসলেস মুহূর্ত,’ একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বললেন আবু হায়াত মাহমুদ। ‘আমরা গিয়েছিলাম অমিত রায়ের সঙ্গে কাজের পরিকল্পনা নিয়ে। হঠাৎই অমিতাভ স্যরের সঙ্গে দেখা হয়ে গেল। অমিত রায় আমাদের পরিচয় করিয়ে দিলেন। আমি বললাম, আপনি তো বাংলাতেও কথা বলতে পারেন! উনি হেসে বললেন, পারি অল্প অল্প, তবে পুরোটা বুঝি। এরপর আমাদের ছবির বিষয়ে জানলেন, শুভকামনাও জানালেন। ছবিও তুললেন আমাদের সঙ্গে। জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা এটি।’

  • ‘দেলুপি’ আসছে—রাজশাহীতে ঢোল-বাঁশি বাজিয়ে নেচে প্রচার

    ‘দেলুপি’ আসছে—রাজশাহীতে ঢোল-বাঁশি বাজিয়ে নেচে প্রচার

    ঢোল-বাঁশি বাজিয়ে, নেচে-গেয়ে রাজশাহীতে চলছে ‘দেলুপি’ সিনেমার প্রচার।রাজশাহীর তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। ১৪ নভেম্বর দেশব্যাপী মুক্তির আগে নিজ শহর রাজশাহীতে এমন ব্যতিক্রমী প্রচার নজর কেড়েছে সবার।

    দেলুপি সিনেমার প্রচারের অংশ হিসেবে আজ রোববার রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে প্রচার চালিয়েছে দেলুপি টিম। বিকেল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর আই–বাঁধ, টি-বাঁধ, লালন শাহ মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন, নগরের সাহেববাজার জিরো পয়েন্ট, পদ্মা নদীর ফুলতলা ঘাট এলাকায় প্রচার চালাচ্ছে দেলুপি টিম। শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ এবং পদ্মা নদী এলাকায় নেচে-গেয়ে সিনেমার প্রচার চালায় দলটি।

    এর আগে গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরের সিঅ্যান্ডবি মোড়ে কালেক্টরেট মাঠে বিভাগীয় বইমেলার শেষ দিনে এই অভিনব প্রচার কার্যক্রম চালায় ‘দেলুপি’ টিম। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে তারা মেলায় আসা দর্শক-ক্রেতাদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানায়। তাদের এই প্রচারে সাড়া দিয়ে অনেককে নাচতে ও মুঠোফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়। এতে মেলা প্রাঙ্গণে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

  • অনলাইনে হয়রানি, পুলিশে অভিযোগ করলেন অভিনেত্রী

    অনলাইনে হয়রানি, পুলিশে অভিযোগ করলেন অভিনেত্রী

    দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন অনলাইনে হয়রানির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। ইনস্টাগ্রামে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও অশালীন কনটেন্ট ছড়ানোর অভিযোগে তামিলনাড়ুর ২০ বছরের এক তরুণীর বিরুদ্ধে কেরালা সাইবার ক্রাইম পুলিশে লিখিত অভিযোগ করেছেন তিনি। খবর ইন্ডিয়াডটকমের

    ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অনুপমা লিখেছেন, ‘কিছুদিন আগে জানতে পারি, একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমার ও আমার পরিবারের সম্পর্কে ভয়াবহভাবে মিথ্যা ও অনুচিত বিষয় পোস্ট করা হচ্ছে। এমনকি আমার বন্ধুবান্ধব ও সহশিল্পীদের ট্যাগ করে বিকৃত ছবি ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছিল। এমন লক্ষ্য করে অপমান করা সত্যিই মানসিকভাবে কষ্টদায়ক।’
  • মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে নৌকাডুবিতে শতাধিক নিখোঁজ, বাংলাদেশিসহ উদ্ধার ১৩

    মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে নৌকাডুবিতে শতাধিক নিখোঁজ, বাংলাদেশিসহ উদ্ধার ১৩

    থাইল্যান্ড-মালয়েশিয়ার জলসীমার কাছে একটি নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। আজ রোববার পর্যন্ত ১২ জনকে জীবিত এবং ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা (এমএমইএ)। নৌকাটি মিয়ানমারের বুথিডং থেকে যাত্রা শুরু করেছিল। এতে প্রায় ৩০০ জন ছিলেন।

    মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কেদাহ রাজ্যের পুলিশপ্রধান আজলি আবু শাহের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বেরনামা জানায়, জীবিত উদ্ধার ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি, দুজন রোহিঙ্গা এবং তিনজন মিয়ানমারের নাগরিক। উদ্ধার মরদেহটি একজন রোহিঙ্গা নারীর। মালয়েশিয়ার পর্যটন দ্বীপ লংকাউইয়ের কাছাকাছি জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

    শনিবার লংকাউইয়ে কয়েকজন সন্দেহভাজন রোহিঙ্গা অভিবাসনপ্রত্যাশীকে পাওয়া যায়। এরপর আজ থেকে উদ্ধার অভিযান শুরু করে এমএমইএ।
  • পাকিস্তানের সিনেটে বিতর্কিত সংশোধনী বিল তড়িঘড়ি পাসের উদ্যোগ, বিরোধীদের প্রতিবাদ

    পাকিস্তানের সিনেটে বিতর্কিত সংশোধনী বিল তড়িঘড়ি পাসের উদ্যোগ, বিরোধীদের প্রতিবাদ

    পাকিস্তান সরকার গতকাল শনিবার বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনী বিল সিনেটে উপস্থাপন করেছে। বিরোধীদলগুলো বলেছে, সরকার বিলটি খুব দ্রুত পাস করাতে চাইছে। এ ছাড়া প্রস্তাবিত পরিবর্তনগুলোর ব্যাপ্তি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা।

    আইনমন্ত্রী আজম নাজির তারার ২৬ পৃষ্ঠার এ বিল উপস্থাপন করেন। পাস হলে এটি ‘সংবিধান (২৭তম সংশোধনী) আইন, ২০২৫’ নামে পরিচিত হবে। মন্ত্রিসভার অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই এটি সিনেটে তোলা হয়।

    প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজারবাইজানের রাজধানী বাকু থেকে ভিডিও লিংকের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নিয়ে আজারবাইজানের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গেছেন তিনি।

    সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি বিলটিকে উচ্চকক্ষের আইন ও বিচারবিষয়ক কমিটির কাছে পাঠিয়েছেন, যেন তারা ন্যাশনাল অ্যাসেম্বলির সংশ্লিষ্ট কমিটির সঙ্গে যৌথ বৈঠক করে আলোচনা করে।