Blog

  • সৌদি পৌঁছেছেন ৬২৫৯২ বাংলাদেশি হজযাত্রী, ১৮ জনের মৃত্যু

    সৌদি পৌঁছেছেন ৬২৫৯২ বাংলাদেশি হজযাত্রী, ১৮ জনের মৃত্যু

    পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এরই মধ্যে সৌদি আরবে ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন এবং মদিনায় ৫ জন। মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, চলতি হজ মৌসুমে সোমবার রাত পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৮৬টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৬১টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট। যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহন করেছে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইনস ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী। এদিকে, সৌদি আরবে হজযাত্রীদের চিকিৎসাসেবার জন্য স্থাপিত মেডিকেল সেন্টারগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক বিভিন্ন বিষয়ে ১৮ হাজার ২১০টি সেবা প্রদান করেছে। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি আরবগামী শেষ হজ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। আর হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

  • দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৪০ হাজার টাকার নিচে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। মঙ্গলবার থেকে বাজুস ঘোষিত নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়। এর আগে গত ১৫ মে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৬৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। অন্যদিকে রুপার দাম পরিবর্তন করা হয়েছে ৩৯ বার। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।

  • শান্তি আলোচনা ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র টানাপড়েন, যে ইস্যুগুলোতে বিরোধ

    শান্তি আলোচনা ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র টানাপড়েন, যে ইস্যুগুলোতে বিরোধ

    ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনায় এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, হরমুজ প্রণালি, যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা ইস্যুতে দুই দেশের অবস্থান একেবারেই বিপরীতমুখী। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে আসবে না তেহরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে আগামী দুই দশক ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার কথা বলেছে। তবে তেহরান এই সময়সীমাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। ইরান আরও জানিয়েছে, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ পুরোপুরি বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।  হরমুজ প্রণালি নিয়েও দুই পক্ষের টানাপড়েন অব্যাহত রয়েছে। ইরান চেয়েছে, যুক্তরাষ্ট্র আগে তাদের আরোপিত অবরোধ প্রত্যাহার করুক। কিন্তু ওয়াশিংটনের অবস্থান, আগে ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। তবে এই দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। ইরান আরও দাবি করেছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোসহ পুরো অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে পারমাণবিক ইস্যু, মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদে মদদ সংক্রান্ত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে এসব দাবির কোনোটিতেই এখন পর্যন্ত সম্মতি দেয়নি যুক্তরাষ্ট্র।

  • হাম ও উপসর্গে আক্রান্ত রোগীর চিকিৎসায় জরুরি নির্দেশনা

    হাম ও উপসর্গে আক্রান্ত রোগীর চিকিৎসায় জরুরি নির্দেশনা

    দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনায় হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু, দ্রুত ভর্তি ও চিকিৎসা নিশ্চিত এবং আইসোলেশন ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই হাম রোগীকে হাসপাতাল থেকে ফেরত দেওয়া যাবে না। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগী পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী হাসপাতালে অবস্থান কিংবা প্রবেশ করতে পারবেন। এছাড়া প্রতিদিন ভর্তিকৃত হাম রোগীদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে সহায়তার জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন এবং চিকিৎসা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে হাসপাতালগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

  • আজ থেকেই বাজারে মিলবে নতুন ৫ টাকার নোট

    আজ থেকেই বাজারে মিলবে নতুন ৫ টাকার নোট

    আজ মঙ্গলবার থেকেই বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত ৫ টাকার নোট। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন এই নোট বাংলাদেশ ব্যাংক প্রচলনে এনেছে। প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ধাপে ধাপে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে তারা মসজিদ ও ঢাকার দৃশ্য স্থান পেয়েছে। পাশাপাশি জাতীয় ফুল শাপলাকে পাতা ও কুঁড়িসহ ফুটন্ত অবস্থায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে, নোটের পেছনের অংশে রাখা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’ এর নকশা, যা দেশের সাম্প্রতিক সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হয়েছে। নতুন নোটে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। জলছাপে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘৫’ এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম। নোটটির প্রধান রং হালকা গোলাপি। এছাড়া বাম পাশে থাকা নিরাপত্তা সুতা আলোয় ধরলে দুই পাশ থেকেই দেখা যাবে। এছাড়াও নোটের সামনের অংশে বিশেষ গ্লিউইশ নকশার ওপর মাইক্রোপ্রিন্টে একাধিকবার ‘BANGLADESH’ লেখা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫ টাকার নোট চালুর পরও প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতো বৈধ থাকবে। একইসঙ্গে সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়াম থেকে সংগ্রহ করা যাবে।

  • দেশের কাঙ্খিত পরিবর্তনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিকল্প নেই – অধ্যক্ষ হেলালী

    দেশের কাঙ্খিত পরিবর্তনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিকল্প নেই – অধ্যক্ষ হেলালী

    চট্টগ্রাম প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিকল্প নেই। তিনি বলেন, মানবসেবামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে রক্তদান ও সচেতনতামূলক কর্মসূচি মানুষের জীবন রক্ষায় সহায়ক।

     

    শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে চকবাজার গুলজার টাওয়ারের সামনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব (সিবিডিসি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেন এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ক্যাম্পেইনটি বিরতিহীনভাবে দুপুর ৩টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের শুরুতে নাইয়িম বিন ইদ্রিসের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

     

    ক্যাম্পেইনের উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ

    উদ্বোধক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ বলেন আজকের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। শুরুতেই আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত মানবিক যোদ্ধাদের প্রতি, যারা নিজেদের শরীরের রক্ত দিয়ে অন্য একজন মানুষের জীবন বাঁচানোর মতো মহৎ কাজে এগিয়ে এসেছেন।

    বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, পৃথিবী অনেক দূর এগিয়েছে। কিন্তু ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে মানুষের বিকল্প রক্ত আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। তাই একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে অন্য একজন মানুষের রক্তদানের কোনো বিকল্প নেই। মনে রাখবেন, “আপনার দেওয়া এক ব্যাগ রক্ত, বাঁচিয়ে দিতে পারে তিনটি প্রাণ।”

    .

    আমাদের সমাজে প্রায়ই শোনা যায়, রক্তের অভাবে কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, প্রসবকালীন কোনো মা কিংবা আকস্মিক দুর্ঘটনার শিকার কোনো মানুষ সংকটের মুখোমুখি হচ্ছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব শুধু রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন করা নয়, বরং একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা। আর এই মানবিক সমাজের সবচেয়ে বড় উদাহরণ হলো স্বেচ্ছায় রক্তদান। রক্তদান মানুষের মধ্যে পারস্পরিক মমত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ায়। রক্তদানের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই; মানুষের লাল রক্তই প্রমাণ করে আমরা সবাই এক।

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একেএম সালাউদ্দিন কাউসার লাভু,

     

    আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিএমআইটি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী, অধ্যাপক ফরহাদুল ইসলাম, সাংবাদিক এবিএম ইমরান, সমাজসেবক মোহাম্মদ কায়সার, ব্যবসায়ী মিজানুর রহমান রিংকু, সাহাদাত হোসাইন, রেজাউল করিম রেজা, জামাল উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সম্রাটসহ অনেকে।

     

    বিশেষ অতিথি সালাউদ্দিন কাউসার লাভু বলেন স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড ক্যাম্পেইন অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ সঠিক ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং সমাজের মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এ ধরনের ক্যাম্পেইনগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে।

     

    তিনি আরো বলেন থ্যালাসেমিয়া রোগী, রক্তশূন্যতা, দুর্ঘটনা বা অস্ত্রোপচারের সময় তাৎক্ষণিক রক্তের জোগান দিয়ে বহু জীবন বাঁচানো সম্ভব হয়।ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সহজে রক্ত পাওয়া যায়, ফলে জরুরি মুহূর্তে রোগীর স্বজনদের রক্তের সন্ধানে হয়রানি কম হয়।

     

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ। এছাড়া ক্লাবের এডমিন সোহান এবং মডারেটর মোহাম্মদ তারেক, আজিজুর রহমান সোহিন ও হাসনাত রানাসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

    ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বলেন, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচানো সম্ভব। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবান ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

  • বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার।

    বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার।

    বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

     

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

     

    সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে নায়েব সুবেদার মো. আবুল কালামের নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

     

    বিজিবি সূত্র জানায়, অভিযান চলাকালে কয়েকজন চোরাকারবারী মাথায় বহনকৃত প্লাস্টিকের বস্তা নিয়ে যাওয়ার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি প্লাস্টিকের বস্তা থেকে “ESSE Lights” ব্র্যান্ডের ৩০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের সিজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা।

     

    এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

     

    তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করার পাশাপাশি আভিযানিক টহল জোরদার করা হয়েছে।

     

    তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস

    ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে বিদেশি ষড়যন্ত্র তত্ত্ব নতুন করে আলোচনায় এসেছে। সোমবার (১৮ মে) মার্কিন সংবাদমাধ্যমে একটি গোপন কূটনৈতিক নথি ফাঁস হওয়ায় এটি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সাইফার নামের ওই নথিতে ২০২২ সালের মার্চে যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খান ও মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর কথোপকথনের বিস্তারিত উঠে আসে। মার্কিন অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, জো বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২২ সালের ৭ মার্চের বৈঠকে ইসলামাবাদকে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর বার্তা দিয়েছিল। কারণ হিসেবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ইমরানের নিরপেক্ষ অবস্থান এবং আফগানিস্তানে মার্কিন অভিযানের জন্য পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। ইমরান খান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং রাশিয়া-চীনের বিরুদ্ধে পুরোপুরি যুক্তরাষ্ট্রের অবস্থানে না যাওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করেছে ওয়াশিংটন। এ কাজে পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টিও জড়িত ছিল বলে দাবি করেন তিনি। ২০২২ সালের এপ্রিলের এক বক্তব্যে ইমরান বলেন, আমাকে সরিয়ে দিলেই সবকিছু ক্ষমা করে দেবে আমেরিকা। তবে তখনই এসব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছিলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই।  ড্রপ সাইটের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ৭ মার্চ ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে আসাদ মজিদ খানকে বলা হয়েছিল, অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে সরানো গেলে ওয়াশিংটনের ক্ষোভ দূর হবে এবং সবকিছু ক্ষমা করা হবে। ডোনাল্ড লু আরও বলেছিলেন, ইমরান খানের বিচ্ছিন্নতা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে আরও তীব্র হবে। অবশেষে ২০২২ সালের ৯ এপ্রিল অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। পরে দুর্নীতি, আদালত অবমাননা ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত একাধিক মামলায় তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর থেকেই তারা কারাবন্দি। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০২৪ সালের নির্বাচনের আগে দলটির নির্বাচনী প্রতীকও বাতিল করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে অবস্থান না নেওয়া এবং মস্কো সফরের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার দিনই মস্কো সফরে ছিলেন ইমরান খান। একই সময়ে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুরোধও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। ড্রপ সাইটের দাবি, পাকিস্তানের সেনাবাহিনী মনে করেছিল ইমরান দেশের কূটনৈতিক সম্পর্ককে বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছেন। পরে সেনাবাহিনী স্বাধীনভাবে ওয়াশিংটনে তৎপরতা শুরু করে। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের দিকে ঝুঁকে পড়ে পাকিস্তানের নতুন সরকার। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য গোলাবারুদ সরবরাহও শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সহায়তার সঙ্গেও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি নীরবে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

  • শতাব্দীর প্রবীণতম বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

    শতাব্দীর প্রবীণতম বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

    বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল Brazil national football team। একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপেই অংশ নেওয়ার কৃতিত্ব রয়েছে সেলেসাওদের ঝুলিতে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০২ সালে। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়, কিন্তু ‘হেক্সা’ মিশন আর পূরণ হয়নি। এবার কি সেই অপেক্ষার অবসান ঘটবে? উত্তর মিলবে সময়ের সঙ্গে। সেই লক্ষ্যেই আজ ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ Carlo Ancelotti। তবে সম্ভাব্য দল নিয়ে আলোচনা যতই হোক না কেন, একটি বিষয় প্রায় নিশ্চিত—নতুনদের চেয়ে অভিজ্ঞ ফুটবলারদের ওপরই বেশি ভরসা রাখতে যাচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। বিশ্বকাপ ব্যর্থতার পর সাধারণত ব্রাজিলে ‘পুনর্গঠন’-এর দাবি ওঠে। ২০২২ কাতার বিশ্বকাপের হতাশার পরও অনেকে বড় পরিবর্তনের আশা করেছিলেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত সপ্তাহে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা পাঠিয়েছে, সেখানে অন্তত ২০ জন ফুটবলার আছেন, যারা আগের বিশ্বকাপ খেলেছেন। অর্থাৎ, আনচেলত্তির মূল দলে নতুন মুখের সংখ্যা খুব সীমিত হতে পারে। বিশ্বকাপ-অভিজ্ঞদের মধ্যে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে Vinícius Júnior, Raphinha, CasemiroMarquinhos-দের। এছাড়া সম্ভাবনায় রয়েছেন আলেক্স সান্দ্রো, ব্রেমের, ফাবিনিয়ো ও Gabriel Martinelli। এদিকে এখনো দলে ফেরার আশা টিকিয়ে রেখেছেন Neymar ও পেদ্রো। যদিও এখন পর্যন্ত কাউকেই চূড়ান্তভাবে ডাকেননি আনচেলত্তি, তবু সপ্তাহান্তের ম্যাচগুলোকে ধরা হচ্ছে কোচের নজর কাড়ার শেষ সুযোগ হিসেবে। সবচেয়ে বেশি বিশ্বকাপ-অভিজ্ঞ ফুটবলার দেখা যেতে পারে আক্রমণভাগে। আবার মিডফিল্ডেও অধিকাংশ খেলোয়াড় হতে পারেন বিশ্বকাপফেরত। সব মিলিয়ে, এবার ব্রাজিলের স্কোয়াড হতে পারে এ শতাব্দীর সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দলগুলোর একটি। পরিসংখ্যানও সেটিই বলছে। ২০০৬ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের দলে ১০ জন করে বিশ্বকাপ-অভিজ্ঞ ফুটবলার ছিলেন, যা এ শতাব্দীতে তাদের সর্বোচ্চ। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নতুন বা অভিষিক্ত খেলোয়াড়ের সংখ্যা হতে পারে সবচেয়ে কম। বর্তমানে সেই রেকর্ড ২০০৬ সালের, যখন দলে নতুন মুখ ছিল মাত্র ১৩ জন। সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাস বলছে, অভিজ্ঞতা সবসময় নেতিবাচক নয়। Argentina national football team ২০২২ সালে মাত্র সাতজন নতুন খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ জিতেছিল। আবার France national football team ২০১৮ সালে শিরোপা জেতে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে। আর ২০১৪ সালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতা Germany national football team-এর দলেও ছিল বিপুল অভিজ্ঞতার ছাপ।

  • বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

    বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

    সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৯ ডলারে ওঠে। এক পর্যায়ে তা ১১২ ডলার স্পর্শ করে, যা ৫ মের পর সর্বোচ্চ। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭৩ ডলারে। বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও জব্দের ঘটনায় তেলের সরবরাহ নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হওয়া ড্রোন হামলার উৎস শনাক্তে তদন্ত চলছে। ঘটনাটিকে তারা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। এদিকে সৌদি আরব দাবি করেছে, ইরাকের আকাশসীমা থেকে আসা তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটি বলেছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা নতুন করে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালালে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পাল্টা হামলা আরও বাড়তে পারে। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট Donald Trump মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এছাড়া ট্রাম্প প্রশাসন রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির ওপর দেওয়া কিছু নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ নবায়ন না করায় বাজারে আরও চাপ তৈরি হয়েছে। এতে ভারতসহ কয়েকটি দেশের জন্য রাশিয়ার তেল আমদানিতে নতুন জটিলতা দেখা দিতে পারে।